বাঁকুড়ায় অসুস্থ একটি হাতি, কড়া নজর বনদফতরের
দি নিউজ লায়নঃ বাঁকুড়ার বন দফতর খোঁজ পেল একটি অসুস্থ হাতির। সোমবার সকাল থেকে পাত্রসায়েরের সাহাপুর এলাকায় একটি হাতিকে দেখতে পান স্থানীয় বাসিন্দারা। হাতিটির চালচলন দেখে স্থানীয়দের মনে হয় হাতিটি গুরুতর অসুস্থ। অস্বাভাবিক ধীর গতিতে হাতিটি চলাচল করছে। মাঝে মধ্যেই হাতিটি শুয়ে পড়ছে।
হাতিটির এই অস্বাভাবিক আচরণ চোখে পড়তেই বন দফতরে খবর দেন স্থানীয় বাসিন্দারা। এরপরই হাতিটির উপর নজরদারি চালাতে শুরু করে হাতিটি। স্থানীয় বাসিন্দাদের ধারনা গতকাল রাতে বিষ্ণুপুরের উলিয়াড়ার দিক থেকে দ্বারকেশ্বর নদ পেরিয়ে হাতিটি ভড়া ও সাহাপুর লাগোয়া জঙ্গলে চলে আসে। হাতিটি কেন এমন অস্বাভাবিক আচরণ শুরু করেছে সে ব্যাপারে এখনো নিশ্চিত নয় বন দফতর ও স্থানীয় বাসিন্দারা।
তবে আশঙ্কা করা হচ্ছে ফসল বাঁচানোর জন্য জমির আলে চাষিদের লাগানো ইলেকট্রিক ফেন্সিং এ বিদ্যুৎপৃষ্ঠ হয়ে হাতিটি অসুস্থ হয়ে পড়তে পারে। হাতিটি অসুস্থ হয়ে পড়ার পিছনে অন্য কোনো কারন আছে কিনা তাও খতিয়ে দেখছে বন দফতর। প্রয়োজনে হাতিটির চিকিৎসা করানো হবে বলেও বন দফতরের তরফে জানানো হয়েছে।

Post a Comment